banglahour

টাঙ্গাইলে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সারাদেশ | টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:২১ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ দুই যুগ পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

স্থানীয়রা জানান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্তের শিকার হতে হতো। এছাড়া এসব দোকান যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। প্রায় ২৬ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা সড়কের দুই পাশে বিবিএ’র জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তারা তা মানেনি।

শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান শেষে মো. রাজিব হোসেন বলেন, এই দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্তের অভিযোগও পেয়েছি। অনেকেই সরকারি জমি অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সহযোগিতা করে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল