
(৩ বছর আগে) ১৫ অক্টোবর ২০২২, শনিবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, কাউকে বাদ দিয়ে উন্নয়ন নয়, এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করছে। দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলস্রোতে আনা হচ্ছে।
১৫ অক্টোবর শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলো তারা প্রতিবন্ধীদের জন্য দৃশ্যমান কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ণসহ নানাবিধ কর্মসূচি শুরু করেন। করোনা অতিমারী চলাকালীন বিগত তিন বছরে অনেক কাজ করা সম্ভব হয়নি। প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত সকল কার্যক্রম আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। মন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়েও প্রতিবন্ধীদের জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে।
রাশেদ খান মেনন এমপি বলেন, সংবিধানে প্রতিবন্ধীদের অধিকার সুনির্দিষ্টভাবে সন্নিবেশিত আছে। আইনের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে হবে।
পরে দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয়।