
(৬ মাস আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৫:৫২ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় চলন্ত ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামে এক রিক্সা ভ্যানচালক মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
মৃত সোবদুল দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের মরহুম আব্দুল আজিজ শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, জীবিকার তাগিদে রিক্সা ভ্যান চালাতেন সোবদুল। তিনি হঠাৎ করেই প্রায় সময় যেখানে-সেখানে ঘুমিয়ে পড়তেন। দুর্ঘটনার দিন ভোরে তিনি দর্শনা মা ও শিশু হাসপাতালের পাশের রেললাইনের ধারে শুয়ে ছিলেন। ওই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, এদিন ভোর ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা হয়ে দর্শনার উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।