
(১ বছর আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:২০ অপরাহ্ন
সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা এখন টিভির সাংবাদিকদের উপর হামলা করছে তারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে বলে জানান সাংবাদিক নেতারা।