banglahour

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

তুরস্ক প্রজাতন্ত্রের উপপররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিনচি মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত একিনচি বলেন, এটি আমার প্রথম বাংলাদেশ সফর। আমরা এখানে এসে যে আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছি, তাতে আমরা মুগ্ধ। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর এটি আমাদের জন্য এক নতুন সূচনা। আমরা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চতায় নিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করতে পারি।

প্রফেসর ইউনূস জুলাই বিপ্লবে আহত সাত বাংলাদেশির চিকিৎসা বিনামূল্যে প্রদান করায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপপররাষ্ট্রমন্ত্রী একিনচি বলেন, তুরস্ক সর্বদা বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকবে। আমরা শিক্ষা খাতে বৃত্তি, স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করছে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এসডিজি কো-অর্ডিনেটর ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোঃ মশারফ হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল