banglahour

টাইফয়েড জ্বরে মৃত্যু ঠেকাতে শিশুকে টিকাদানের আহ্বান

স্বাস্থ্য | ফরিদপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২:২২ অপরাহ্ন

টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

সারা দেশের মত ফরিদপুরের ৯টি উপজেলায় ৫ লাখ ২৭ হাজার ৯শ'৮৮ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।

টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সকল শিশুকে টিকা কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সভায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা,  সিভিল সার্জন মাহমুদুল হাসান,  ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর  প্রতিরোধযোগ্য সংক্রামক এই জ্বরে বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বিশ্বের উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এই রোগ অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে ৮ হাজার জন মৃত্যুবরণ করে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

টাইফয়েড জ্বর ও এর প্রভাব : 
টাইফয়েড জ্বর "স্যালমোনেলা টাইফি" নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ।  টাইফয়েড জ্বরের আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো আশঙ্কার বিষয় হল টাইফয়েড রোগীর চিকিৎসায় যে সকল এন্টিবায়োটিক ব্যবহৃত হয়, তার একটি উল্লেখযোগ্য অংশ টাইফয়েড জ্বর নিরাময়ে কাজ করছে না। অর্থাৎ  টাইফয়েড জীবাণু সে সকল এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। ফলে ওষুধ প্রতিরোধী টাইফয়েড জ্বরের প্রকোপ নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। টাইফয়েড টিকা এই মারাত্মক ঔষধ প্রতিরোধী টাইফয়েড জ্বরের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

কিভাবে ছড়ায় : 
টাইফয়েড প্রধানত আক্রান্ত ব্যক্তির মলের সংস্পর্শে আসা বা খাবারের মাধ্যমে বিস্তার ঘটে। এই জীবানু একমাত্র মানুষের দেহেই অবস্থান করে এবং দুইটি চক্রে বিস্তার লাভ করতে পারে।

লক্ষণসমূহ : 
মৃদু জ্বর থেকে দীর্ঘস্থায়ী উচ্চ মাত্রার জ্বর (১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট)।  ক্লান্তি, মাথা ব্যথা, কাঁপুনি, ক্ষুধামন্দা ও কাশি। শরীর ব্যথা, পেট ব্যথা ( কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকতে পারে)। বমি বমি ভাব ও অসুখের দ্বিতীয় সপ্তাহে যকৃত এবং প্লীহা বড় হয়ে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে র‍্যাশ বা শরীরে লালচে দানা থাকতে পারে।

কখন টিকা দেওয়া যাবে না : 
জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে, পূর্বে কোন টিকা দেওয়ার পর এলার্জির ইতিহাস থাকলে,  টিকা গ্রহনের দিন যে কোন কারণে অসুস্থ থাকলে, গর্ভবতী/ দুগ্ধদানকারী মা হলে এই টিকা গ্রহন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

টিকা গ্রহনের জন্য https:// vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদের ১৭ সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নেই অথবা যে সকল শিক্ষার্থী ৮ম/৯ম শ্রেণিতে পড়ে কিন্তু বয়স ১৫ বছরের বেশি তাদের রেজিষ্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য সহকারী/টিকাদানকর্মীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল