banglahour

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটনের বৈঠক

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বৃহস্পতিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, এবং সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াও আলোচনায় আসে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—যা দীর্ঘদিন পর বাংলাদেশের প্রথম সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন” হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, গত ১৬ বছরে যা হয়েছে, তা নির্বাচন নয়, নির্বাচনের প্রহসন ছিল। প্রফেসর ইউনূস আরও জানান, নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি পূর্বের অবস্থানে ফিরে যাবেন।

তিনি সরকার কর্তৃক গৃহীত সংস্কার কার্যক্রম এবং ভ্রান্ত তথ্য বা বিভ্রান্তি মোকাবিলার উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভুয়া তথ্য এখন বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের সহযোগিতা এই ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সংস্কার, শুল্কব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থাপনায় সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান খাত ও পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে যুক্তরাজ্য ও বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা উল্লেখ করেন।

এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বিশেষভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ঐ সফরে অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে “অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের উদাহরণ” হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ HMS Enterprise ক্রয় এবং অফশোর পেট্রোল ভেসেল কেনার পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, HMS Enterprise ক্রয় প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুফি সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল