banglahour

চুয়াডাঙ্গায় ১১৩ মন্দির কমিটির প্রতিনিধিদের নিয়ে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

ধর্ম | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

 চুয়াডাঙ্গায় জেলার ১১৩টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মন্দির সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে এক পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় বড়বাজার শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির চত্বরে এ পূজা পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা। 
চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায় এদিন রাত ১০টার পারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত পূজা পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যাম সুন্দর আগরওয়ালা।
অনুষ্ঠানে এবারের দুর্গাপূজা উদযাপনকালে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় বিধিবিধান মেনে পূজা উদ্যাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করা হয়। পরে সদ্য পরলোকগমনকারী গিরিধারী লাল মোদী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাসসহ প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পূজা পুনর্মিলনীতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি দেবেন্দ্র নাথ দোবে ওরফে বাবুলাল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ভৌমিক,পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, সদস্যসচিব উত্তম রঞ্জন দেবনাথ,পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন অধিকারী ও চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব যোগেন্দ্রনাথ দোবে হিরালাল দোবে,  আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল কুমার বিশ্বাস, দর্শনা পৌরসভার সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা, জীবননগর উপজেলা শাখার সভাপতি জীবন সেন,দামুড়হুদা উপজেলা শাখা পূজা প্রতিনিধি শোভন দাস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বাংলাদেশের সংস্কৃতির মূলভিত্তি। মন্দির কেবল পূজা-অর্চনার স্থান নয়, এটি সমাজে মানবিক মূল্যবোধ, সংস্কৃতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। তাই প্রতিটি মন্দির পরিচালনা কমিটিকে আরও সুসংগঠিত ও আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিতে হবে। বক্তারা জোর দিয়ে বলেন, প্রতিটি মন্দিরে আলাদা তহবিল গঠন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে সামাজিক ঐক্যের মাধ্যমে। কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বা ব্যক্তিগত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজে অপপ্রচার, হিংসা ও বিদ্বেষ নয়, বরং ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। পূজা-উৎসবকে ঘিরে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রশংসনীয় হলেও, ভবিষ্যতে মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুললে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে হবে। এছাড়াও অনুষ্ঠিত পূজা পুনর্মিলনী জেলার চারটি উপজেলার ১১৩টি মন্দিরের সভাপতি, সম্পাদক ও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল