banglahour

অভয়ারণ্যে মাছ ধরায় ৪ জেলে আটক: লক্ষাধিক টাকার মাছ,জাল ও নৌকা জব্দ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:৫৬ অপরাহ্ন

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ খালে শনিবার সকালে 
অবৈধভাবে মাছ ধরার সময় কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক 
করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি 
নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের শনিবার দুপুরে 
বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১ এর 
টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (১১ অক্টোবর) 
সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে অভিযান চালিয়ে অবৈধভাবে 
মাছ ধরারত অবস্থায় হাতেনাতে কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চারজন জেলেকে 
আটক করেন।

এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা ও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

আটক জেলেরা হচ্ছে, লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক 
মৃধা (৫০), ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ী শরণখোলা উপজেলার বকুলতলা ও 
সোনাতলা গ্রামে।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানোর জন্য কচিখালি ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেন স্মার্ট টীমের বনরক্ষীরা।

বন সংশ্লিষ্ট নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, লিটন মাতুব্বর 
দীর্ঘদিন ধরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ দুধরাজ 
খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীমের বনরক্ষীরা 
গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের 
অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ 
সূত্রটি জানায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল