
(৭ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৯:১৯ অপরাহ্ন
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও বৈষম্যমূলক বেতন কাঠামোর সমাধান দাবিতে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “১:৪ অনুপাতে বেতন কাঠামো ও ১২ গ্রেড বাস্তবায়ন, ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর” শীর্ষক আলোচনা সভা ও পদযাত্রা আয়োজন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে সরকারি কর্মচারীরা দুই দফা পে-স্কেল থেকে বঞ্চিত। পদোন্নতি নেই, অনেকেই ব্লক পোস্টে আটকে আছেন—ফলে গ্রেড পরিবর্তনেরও সুযোগ পান না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম দুরবস্থায়।”
তিনি আরও বলেন, “নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে স্কেল প্রাপ্তির কথা থাকলেও তা হয়নি। তখন ৮,২৫০ টাকার স্কেল হলে তা আজ ১৫–১৬ হাজার টাকায় দাঁড়াত। আর ২০২৫ সালের স্কেল অনুসারে ২০তম গ্রেডের বেতন হওয়া উচিত ন্যূনতম ২৫–৩০ হাজার টাকা। তাই ১০ বছরের বাজারদর, মূল্যস্ফীতি ও বাস্তব অবস্থা যাচাই করে এবার একটি বাস্তবসম্মত পে স্কেল প্রদান করতে হবে, যাতে কর্মচারীদের আর আন্দোলনে নামতে না হয়।”
ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক বাস্তব জীবনের হিসাব তুলে ধরে বলেন, “২০তম গ্রেডের একজন কর্মচারী যদি খুব সাধারণভাবে তিনবেলা ৫০ টাকার খাবার খান, তাহলে মাসে খাবার খরচই দাঁড়ায় প্রায় ২৭,০০০ টাকা। এর সঙ্গে বাসা ভাড়া ৮,০০০, বিদ্যুৎ-গ্যাস ৩,০০০, শিক্ষা ৩,০০০, যাতায়াত ৩,০০০, টিফিন ৯০০ এবং গৃহস্থালি প্রয়োজনীয় দ্রব্য বাবদ প্রায় ৭,০০০ টাকা মিলিয়ে মোট খরচ দাঁড়ায় ৫১,৯০০ টাকা মাসে।”
তিনি বলেন, “বাস্তবতা হলো—সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এর অর্ধেকও নয়। তাই ১:৪ অনুপাতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন ও গ্রেড সংখ্যা ১২-তে নামিয়ে আনা এখন সময়ের দাবি।”
বক্তারা আরো আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এই দাবিগুলো বিবেচনায় এনে নতুন পে স্কেল ঘোষণা করবে, যা দুর্নীতি কমানো ও প্রশাসনে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।