
(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ১২:০৪ পূর্বাহ্ন
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” কার্যক্রমের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর কক্সবাজার ও কুতুবদিয়ার উপকূলে অভিযান পরিচালনা করে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’।
অভিযান চলাকালে দেখা যায়, নিষিদ্ধ মৌসুমে কিছু জেলে অবৈধভাবে ইলিশ শিকার করছে। নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ৫০টি ক্ষতিকর ও অবৈধ বেহুন্দি জাল, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার, জাল ও মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। এ সময় অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলার, মাছ ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট এবং আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, মা ইলিশের প্রজননকালীন সময়ে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫”-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।