
(১১ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন
নানান ধর্মীয় আয়োজনের মধদিয়ে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বন বিহারে ২৩ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী কঠিন চীবর দান। এই দিনে বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর উৎসর্গ,পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ দান, মঙ্গল সূত্রপাঠ, কল্পতরু উৎসর্গ, ধর্ম দেশনা ও আকাশ প্রদীপ উৎসর্গসহ নানাবিধ দান করা হয়।
দিনব্যাপী কঠিন চীবর দানোৎসবকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। দুপুরে কঠিন চীবর ও কল্পতরু পুরো বিহারের প্রাঙ্গণে প্রদক্ষিণ করে ধর্মীয় শোভাযাত্রা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, রাইংখ্যং শাখা বনবিহার পরিচালনা কমিটির সভাপতি সমতোষ চাকমা, সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা।
চীবর দান অনুষ্ঠানে ধর্ম দেশনা করেন সংঘ প্রধান ইন্দ্রগুপ্ত মহাস্থবির, পন্থক মহাস্থবির, মহাকাল মহাস্থবির প্রমুখ।
গৌতম বুদ্ধের সময়কালে তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে কাপড় বুনে সেলাই করে ভগবান বুদ্ধকে দান করেন। বিশাখার এই প্রবর্তিত কঠিন চীবর দানের স্মৃতিদ ধর্মীয় ভাব মর্যাদায় প্রতিবছর সারাদেশে বৌদ্ধ ধর্মালম্বীরা কঠিন চীবর দানোৎসব উদযাপন করে থাকে।