banglahour

মুক্তাগাছায় ঐতিহ্যের পুনর্জাগরণ - ঢোলের তালে তালে জমে উঠলো লাঠিখেলা

খেলা | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৭:০৩ অপরাহ্ন

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এলো মুক্তাগাছায়। শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর লাঠিখেলার আসর।
সৈয়দপাড়া গ্রামের তরুণ সমাজের উদ্যোগে ও এনামুল, আশরাফ ও ফারুক হোসেনের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠান যেন গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা কালামিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল করিম সোহেল, মোঃ হানিফ, হাসমত আলী, সিরাজুল ইসলাম মন্টু, আব্দুল জলিল লেবু, মোস্তাক মাস্টার, শহীদুল ইসলাম মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢোলের তালে তালে শুরু হয় লাঠিখেলা। সৈয়দপাড়া গ্রামের বিখ্যাত লাঠি খেলোয়াড় হযরত আলী, মজনু মিয়া, আব্দুল খালেক, মিস্টার, এছহাক আলীসহ আরও অনেকে অংশ নেন এ খেলায়। তাঁদের চমকপ্রদ কৌশল, দ্রুতগতির লাঠি ঘূর্ণন আর শক্তির প্রকাশে দর্শকরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন। মাঠজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

লাঠিখেলা শেষে মঞ্চে ওঠেন মুক্তাগাছার পুদুরবাড়ী এলাকার বিখ্যাত যাদুশিল্পী মোঃ ফিরোজ আহমেদ এবং  তার দুই সহযোগী হাবিব ও ফরহাদ। একের পর এক রোমাঞ্চকর যাদু প্রদর্শনীতে মুগ্ধ হয়ে যান হাজারো দর্শক। শিশু থেকে বয়স্ক-সবাই মেতে ওঠেন আনন্দে ও বিস্ময়ে।

স্থানীয়রা বলেন, এমন আয়োজন এখন আর সহজে দেখা যায় না। আজকের এই অনুষ্ঠান আমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে।
আয়োজকেরা জানান, গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

গ্রামীণ ঐতিহ্যের প্রাণ লাঠিখেলা ও লোকজ বিনোদনের এমন মিলনমেলা প্রমাণ করে-বাংলার সংস্কৃতি আজও জীবন্ত শুধু একটু যত্ন আর ভালোবাসাই পারে একে নতুন করে জাগিয়ে তুলতে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল