banglahour

“ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই”: জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাঈদ খান

রাজনীতি | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৪:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বৃহস্পতিবার(২৩ অক্টোবর)   রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক এবং সঞ্চালনা করেন বিপ্লব সিকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।

বক্তব্যে সাঈদ খান বলেন, “ভোটই নাগরিকত্ব রিনিউ করার একমাত্র পথ।” তিনি বলেন, বিএনপি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, “৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এখানে ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই।”

সাঈদ খান অভিযোগ করে বলেন, দেশে “পিআর” নামে একটি পক্ষ নৈরাজ্য সৃষ্টি করছে। “যে দলের আমির ও সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় ভোটে জিততে পারে না, তারা এখন ‘পিআর’-এর নামে জনগণকে বিভ্রান্ত করছে,”।

পিআর প্রসঙ্গে সাঈদ খান বলেন,  “আপনি ভোট দেবেন পীরকে, এমপি হবে চোর — এটাই তাদের পিআর। মুখে এক, অন্তরে আরেক। এদেরকে বলে মোনাফেক। মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, নাগরিক হিসেবেও দায়িত্ব আছে। আপনি যদি নিজের অধিকার আদায় করতে না পারেন, তাহলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকবেন।”

তিনি আরও বলেন, “যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই চেতনার সঙ্গে প্রতারণা করেছেন শেখ মুজিবুর রহমানের কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মপ্রাণ মুসল্লীদের ‘জঙ্গি’ তকমা দিয়ে সমাজে হেয় করা হয়েছে, কালো আইন প্রণয়ন করে অনেককে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে।”

তিনি বলেন, “রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ভোটের মাধ্যমেই স্থাপিত হয়। গত ১৫ বছর ধরে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত। এবার আমাদের নাগরিকত্ব রিনিউ করতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে।”

সাঈদ খান অভিযোগ করেন, “যে রাষ্ট্রে ভোটের অধিকার নেই, সেখানে ভাতের অধিকারও থাকে না। আর যেখানে ভাতের অধিকার থাকে না, সেই রাষ্ট্র জনশূন্য মৃত রাষ্ট্রে পরিণত হয়। জনগণের তথ্য বিক্রি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়।”


এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা প্রমুখ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল