
(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৭:৪৯ অপরাহ্ন
“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে গণমুখী প্রচারণা কর্মসূচি। শুক্রবার সকালে জেলার বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। গণমুখী প্রচারণা কর্মসূচির পাশাপাশি প্রতিটি পাড়ায় উঠান বৈঠক কর্মসুচি গ্রহন করা হয়েছে। এই দিন বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ৯ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এই গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণসংযোগ,গণমুখী প্রচারণা ও অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ শাসন আমলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটেনি, আগামীতে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে এই সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে।
তিনি বলেন, ধর্ম যার যার দেশ সবার, অধিকার ও নিরাপত্তাও সবার। প্রতিটি মানুষ গর্বের সাথে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। এমনই একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও দেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে।
আজাদ বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের মহিলা তালিম দল মানুষের ঘরে ঘরে গিয়ে সরল মহিলাদের ভুল বুঝিয়ে বলছে জামাত আল্লাহর দল দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারা বলছেন দাঁড়িপাল্লা হেরে গেলে কুরআন হেরে যাবে। ভোটের জন্য তাদের দলের নেতাকর্মীরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করার কাজে লিপ্ত রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন ইতিপূর্বে নির্বাচনে বিএনপি'র সঙ্গে জোট করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী হয়েছেন। আপনাদের দলের সদস্যরা ও ধানের শীষে ভোট দিয়েছেন ওই সময় ভোট দিয়ে আপনাদের যে সকল কর্মী মৃত্যুবরণ করেছেন তারা কি তাহলে দোযখে গেছেন।
ভোট মৌসুমে সুন্দর লেবাজে ইসলামের অপব্যাখ্যা কারী এই ভাঁওতাবাজদের নিকট থেকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে প্রতিমাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সহ নানা সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে আধুনিক চাষাবাদে যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে।
বিএনপির গণসংযোগ,গণমুখী প্রচারণা ও উঠান বৈঠকে বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ,আব্দুল্লাহ আল মারুফ অনু,মামুনুর রশিদ দুলু,উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর মহিলা দলের আহবায়ক মজিদা বেগম, সহ উপজেলা,পৌর বিএনপি,অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।