banglahour

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে ফিরবে জেলেরা

অর্থনীতি | মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধি

(৫ মাস আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ১:৩১ অপরাহ্ন

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ আজ শনিবার ২৫ অক্টোবর  দিবাগত রাত ১২টার পর থেকেই গভীর সমুদ্রে মাছ শিকারে ফিরছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর ইলিশ ধরার এই সূচনা ঘিরে কুয়াকাটাসহ উপকূলজুড়ে এখন বইছে উৎসবের আমেজ।
পটুয়াখালী জেলার উপকূলের প্রায় ৭৯ হাজার ৪৩ জন জেলে পরিবারের মুখে ফিরেছে স্বস্তি। ইতোমধ্যে ট্রলার, জাল, জ্বালানি ও খাদ্যসামগ্রী প্রস্তুত করেছেন জেলেরা। মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে সারি সারি ট্রলার এখন যাত্রার অপেক্ষায় নোঙ্গর করে আছে। কেউ ট্রলারে জ্বালানি তুলছেন, কেউ আবার জাল মেরামত ও মাছ ধরার সরঞ্জাম সাজাচ্ছেন। রাত ১২টা বাজলেই একসঙ্গে সাগরে নামবেন তারা-বুকভরা আশা নিয়ে, এবার ভাগ্য খুলবে ইলিশে।
প্রতি বছরই কুয়াকাটার আন্ধার মানিক নদীর মোহনায় ডিম ছাড়ে মা ইলিশ। মা ইলিশ রক্ষায় ২০০৬ সাল থেকে সরকার ২২ দিনের এই অবরোধ কার্যকর করে আসছে।
তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা দেশের জলসীমায় ঢুকে নির্বিঘ্নে মাছ ধরে নিয়ে যায়। তাছাড়া সরকারি প্রণোদনার ২৫ কেজি চালের মধ্যে বাস্তবে অনেক সময় ২২ কেজি পাওয়া যায়, আবার অনেকেই সেই সুবিধার বাইরে। এরপরও মহাজনের ধার শোধে ও জীবিকার তাগিদে আবার সমুদ্রমুখী হচ্ছেন তারা।
মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল গাজী বলেন, জেলেদের জন্য প্রণোদনা বাড়ানো এখন সময়ের দাবি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবারের অবরোধ শতভাগ সফল হয়েছে। তবে প্রণোদনা যে অপর্যাপ্ত, তা অস্বীকার করা যায় না।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার মতো ভারতীয়দের সাথে অবরোধের সমন্বয় থাকার বিষয়ে আমরা সুপারিশ পাঠিয়েছি। জেলেদের দাবি অনুযায়ী আশা করা যায়, এটিও ভবিষ্যতে কার্যকর হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল