
(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১২ অপরাহ্ন
বাগেরহাটে মুনিগঞ্জ সেতুর নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে বাগেরহাট শহরসংলগ্ন ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর মাঝামাঝি একটি পিলারের বেসমেন্ট থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতের নাম ইব্রাহিম শেখ (৬০), তিনি সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের মৃত শেখ বাবর আলীর ছেলে। পেশায় তিনি স্ট্যাম্প ভেন্ডার ছিলেন এবং ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সকালে সেতুর নিচে পিলারের ওপর একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাঁ পায়ে দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “নিহতের পায়ে দড়ির দাগ ছিল। কে বা কারা তাকে এখানে এনে ফেলে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঢাকা থেকে প্রায় ১৫ দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।”
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।