banglahour

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে ঐক্যমত কমিশন: রুহুল কবির রিজভী

রাজনীতি | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪১ অপরাহ্ন

“জুলাই জাতীয় সনদ ২০২৫”-এ বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অথচ অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে—মানুষ তা বিশ্বাস করতে পারছে না।”
বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। তিনি বলেন, “ভেজাল ও প্রতারণামূলকভাবে তৈরি এই সনদ দেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”
এ সময় উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিঞা ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল