
(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৫ অপরাহ্ন
খুলনার রূপসায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৫ জন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন - পারভেজ মল্লিক গ্রুপের শান্ত (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮)। অন্যদিকে হেলাল গ্রুপের জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা ছিল।
এ খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি’র প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের ওপর হামলা চালায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের খবর জানতে পেরে আমরা পুলিশ মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যারা গণতান্ত্রিকভাবে কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।