banglahour

শীতের আগমনে সবুজে ভরপুর কুমিল্লার গ্রামাঞ্চল

সারাদেশ | সেলিম রেজা মুন্সী , কুমিল্লা প্রতিনিধি

(১০ মাস আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৩:০১ অপরাহ্ন

শীতের আগমন ঘনিয়ে আসতেই কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলজুড়ে নেমেছে সবজি চাষের আমেজ। মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। জেলার বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদরসহ বিভিন্ন উপজেলার মাঠে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বেগুন, মুলা, লালশাক ও ধনেপাতার চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

সবুজ পাতায় ঢাকা ফসলের মাঠ যেন এক অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে। কোথাও ফুলকপির কচি চারা, কোথাও বা পেকে উঠেছে শিমের লতা—চারপাশে সবুজের ঢেউয়ে প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে সবজির দাম ভালো থাকায় তারা আগের বছরের তুলনায় বেশি জমিতে শাকসবজি চাষ করছেন। সেচ, সার ও কীটনাশকের সহজলভ্যতা এবং কৃষি অফিসের নিয়মিত পরামর্শের কারণে ফলন ভালো হবে বলে আশা করছেন তারা।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, “গত বছর এক বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো লাভ পেয়েছিলাম। এবার তিন বিঘায় টমেটো ও ফুলকপি লাগিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে লাভ আগের চেয়ে বেশি হবে।”

আদর্শ সদর উপজেলার শীমড়া গ্রামের কৃষক আলী আকবর বলেন, “গত বছর শুধু মুলা চাষ করেছিলাম, লাভ ভালো পেয়েছি। এবার মুলার পাশাপাশি লালশাক ও ধনেপাতার চাষ করেছি। আশা করছি, এবার আরও ভালো দাম পাবো।”

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের উদ্ধৃতি দিয়ে এডিডি শেখ আজিজুর রহমান জানান,
“এ বছর জেলায় প্রায় ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৭৩৭ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বেগুন ও ধনেপাতা সবচেয়ে বেশি এলাকা জুড়ে চাষ হচ্ছে।”

তিনি আরও বলেন, “সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ লাখ ৭ হাজার ৫০০ মেট্রিক টন। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

সবজি চাষের সাফল্যে গ্রামীণ অর্থনীতিতে পড়েছে ইতিবাচক প্রভাব। অনেক বেকার যুবক ও নারীরা এখন সবজি চাষে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। মৌসুমভিত্তিক এই চাষে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে।

সবজির ভালো ফলন ও বাজারদর কৃষকদের মুখে এনেছে হাসি। মাঠজুড়ে সবুজের সমারোহ যেন কুমিল্লার গ্রামাঞ্চলকে রাঙিয়ে তুলেছে উৎসবের রঙে।
দেশের সবজির চাহিদা মেটানোর পাশাপাশি সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত হলে কুমিল্লার কৃষকরা আরও বেশি লাভবান হবেন— এমনটাই আশা স্থানীয় কৃষি কর্মকর্তাদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল