banglahour

দলীয় মনোনয়ন না পেয়ে হতাশ তৃণমূল, তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সাজুর সমর্থকরা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

কথিত আছে—ঢাকা-১৪ আসনে যে প্রার্থী বিজয়ী হন, তার দলই সরকার গঠন করেন। তাই সব রাজনৈতিক দলের জন্যই রাজধানীর মিরপুরকেন্দ্রিক এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ঢাকা-১৪ আসনে “মায়ের ডাক” সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে দলীয় এই সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা ছিল—দারুস সালাম থানা বিএনপি’র আহ্বায়ক এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এস এ সিদ্দিক সাজু এবারও মনোনয়ন পাবেন। কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিএনপি কর্মী সোহাগ বলেন, “ঢাকা-১৪ আসনে সাজু ভাই দলীয় মনোনয়ন না পাওয়ায় আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা খুবই হতাশ। সাজু ভাইয়ের বাবা বহু বছর এমপি ছিলেন, তাদের পরিবারের বিশাল ভোটব্যাংক রয়েছে। এখন শুনছি তেজগাঁওয়ের সানজিদা ইসলাম তুলিকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি মিরপুরে জনপ্রিয় নন, ভোটাররা তাকে চেনেনও না। এতে বিএনপি’র ক্ষতি হবে।”

তিনি আরও বলেন, “সাজু ভাই মিরপুরের মাটি ও মানুষের সাথে একাত্ম।মিরপুরের মানুষও চায় এলাকার সন্তানই মনোনয়ন পাক। আমরা তৃণমূল কর্মীরা তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এস এ সিদ্দিক সাজু মিরপুর, শাহ আলী, দারুস সালাম, রূপনগর ও কাউন্দিয়া এলাকার তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন। মামলার সময় কর্মীদের জামিন, আইনি সহায়তা থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রমের তদারকি করতেন তিনি। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে রয়েছে ৮২টি মামলা।

তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভ্রান্ত করে একটি কুচক্রী মহল সাজু ভাইকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। তাদের দাবি, “এই মহল চায় না বিএনপি ঢাকা-১৪ আসনে জিতুক, বরং তারা চায় জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান জয়ী হোক। না হলে মাঠপর্যায়ের সবচেয়ে জনপ্রিয় নেতা সাজু ভাইকে কেন বাদ দেওয়া হলো?”

তৃণমূলের প্রত্যাশা—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত “জনপ্রিয় ও পরীক্ষিত নেতা” এস এ সিদ্দিক সাজুর পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল