banglahour

মুক্তাগাছায় শিক্ষক আল আমিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৪৯ অপরাহ্ন

মাদকবিরোধী অবস্থানের জের ধরে শিক্ষক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে বিনোদবাড়ী আইডিয়াল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষজনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মনিরুজ্জামানসহ অন্য শিক্ষকরা। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষক আল আমিনের ওপর নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে অংশ নেয় কয়েক শ শিক্ষার্থী ও স্থানীয় মানুষ।

উল্লেখ্য, গত রবিবার রাতে স্থানীয় এক ব্যক্তিকে মাদককারবারীরা মারধর করলে শিক্ষক আল আমিনসহ কয়েকজন যুবক এর প্রতিবাদ করেন। এর জের ধরে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের মুজাটি মসজিদের সামনে আল আমিনের ওপর হামলা চালায় মাদককারবারী রায়হান (২৮) ও তার শ্যালক পরাগ (২৮)।

তাদের হাতে থাকা লোহার রড, পাইপ ও রামদা দিয়ে তারা আল আমিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার ডান হাত ও বাম পা ভেঙে যায় এবং বাম হাতের আঙুল থেতলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত শিক্ষক মোহাম্মদ আল আমিন মানকোন ইউনিয়নের শ্রীপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে এবং বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল