banglahour

খুলনায় বিএনপি’র যৌথ কর্মীসভা ও শোকরানা অনুষ্ঠান: চার আসনে বিজয়ের আহ্বান হেলালের

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৬ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

“বিএনপিই স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ, এদেশের প্রকৃত দেশপ্রেমিক সংগঠন। খুলনার চারটি আসনে বিজয় নিশ্চিত করতে হবে।”
বুধবার (৫ নভেম্বর) খুলনায় অনুষ্ঠিত বিএনপি’র যৌথ কর্মীসভায় এ কথা বলেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করতে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ একটি পরিণত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন— অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সঞ্চালনা করেন সদস্য সচিব ও খুলনা-৬ আসনের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
সভায় নির্বাচন পরিচালনার জন্য ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া ৭ ও ৮ নভেম্বর জাতীয় সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সকলকে আহ্বান জানানো হয়।

হেলাল আরও বলেন, “খুলনার উন্নয়ন বঞ্চনা দূর করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটযুদ্ধে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও দেশের নেতৃত্ব দেবে।”

সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল বলেন,

“বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়ছে। অন্তর্বর্তী সরকারকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে দিঘলিয়ার বন্ধ স্টার জুট মিল আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করে দিঘলিয়াকে শান্তির দিঘলিয়া হিসেবে গড়ে তোলা হবে।”

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপি সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রকিব মল্লিক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল