
(১১ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:০২ অপরাহ্ন
শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই ঘণ্টার প্রতীকী কলমবিরতি পালন করেছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিলমিন জাহান ইলমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার প্রীতি, কৃষিবিদ আবু রায়হান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যখন দায়িত্ব পালনকালে হামলার শিকার হন, তা শুধু ব্যক্তি নয়- রাষ্ট্রের সেবামূলক ব্যবস্থার ওপরও আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে চলেছেন। তাদের ওপর হামলা পুরো কৃষি পরিবারকে হতাশ করেছে। তারা হুঁশিয়ারি দেন, অপরাধীদের আইনের আওতায় না আনা হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।
প্রতীকী কলমবিরতি শেষে কর্মকর্তা কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে যোগ দেন।