
(১১ মাস আগে) ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগবিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন জমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রসঙ্গেও দু’পক্ষ আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা বিপুল সংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবে।
এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। যেসব তরুণ গণঅভ্যুত্থানের সময় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছিল, তারাই এবার ভোটকেন্দ্রে যাবে,—বলেন প্রধান উপদেষ্টা।
ডাচ উপমন্ত্রী বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। মাত্র কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা তিনি প্রশংসা করেন।
গ্রোটেনহুইস বাংলাদেশের নতুন শ্রম আইনকে স্বাগত জানিয়ে বলেন, এটি আরও বেশি ডাচ ও ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করবে। গত কয়েক সপ্তাহের সংস্কারের ধারাবাহিকতায় মন্ত্রিসভা অনুমোদিত এসব আইন সোমবার রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।
তিনি জানান, নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করতে চায়। এই এমওইউ দ্রুত সম্পন্ন হলে ডাচ বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এখন আমরা এটি রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সমতা-ভিত্তিক অংশীদারিত্বে রূপান্তর করতে চাই,—বলেন গ্রোটেনহুইস।
তিনি আরও বলেন, এতদিন নেদারল্যান্ডসের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পণ্য আমদানি করলেও এখন তারা বিনিয়োগ ও যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী।