banglahour

ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে ঢাকায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। ভুটানের জাতীয় পতাকাবাহী বিমান ড্রুকএয়ারের ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। তার আগমনে বাংলাদেশ লাল গালিচা সংবর্ধনা প্রদান করে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে উপস্থিত থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রী তোবগেকে একটি বিশেষ সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রী তোবগে ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক (টেট-আ-টেট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগের সম্মানে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল