
(১১ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৪:১৩ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আইয়র্কর বোটচওয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণ এবং সামনে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্য আমরা আপনাদের সমর্থন প্রয়োজন।
তিনি মহাসচিবকে বাংলাদেশে আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সরকার একটি স্বাধীন, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।
এসময় কমনওয়েলথ মহাসচিব বোটচওয়ে বাংলাদেশকে আসন্ন নির্বাচন এবং পরবর্তী উত্তরণে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন,কমনওয়েলথের মধ্যে ৫৬টি দেশ আছে—যার মধ্যে জি৭ ও জি২০ দেশও রয়েছে। একে অপরকে শক্তিশালী করতে এসব সম্পদ বাংলাদেশ কাজে লাগাতে পারে।
মহাসচিব আরও জানান, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, আমি দেশের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী।
তিনি নিশ্চিত করেন যে, কমনওয়েলথ শিগগিরই নির্বাচনের আগে বহু পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বৈঠকে দুই নেতা যুবশক্তির বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন, আরও বেশি সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্যোগ এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে প্রস্তাবিত ‘থ্রি-জিরো ভিশন’ নিয়ে আলোচনা করেন।