banglahour

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে চায় ফ্রান্স ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৭:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে আগ্রহ প্রকাশ করেছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের অভিন্ন লক্ষ্যই নতুন সহযোগিতার ভিত্তি তৈরি করছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্র অতিথি ভবন জামুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার এটি উপযুক্ত সময়, মন্তব্য করেন তিনি।

এই মাসের শুরুর দিকে দায়িত্ব গ্রহণ করা নতুন রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইনডো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ইনডো-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করেন—যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ।

খোলামেলা ও অবাধ গতিশীলতার ওপর দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হলো ইনডো-প্যাসিফিক। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আরও গভীর করার বিশাল সম্ভাবনা ফ্রান্স দেখছে, বলেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। কঠিন পরিস্থিতিতেও নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারবে বলে মত দেন তিনি।

রাষ্ট্রদূত সেরে-শারলে আরও উল্লেখ করেন, ইউরোপের কিছু দেশ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠিত বিভ্রান্তিকর তথ্য প্রচার ও সমাজে বিভাজন সৃষ্টির প্রচেষ্টার মুখোমুখি হয়েছে—যা বাংলাদেশকেও সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টার প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত ফ্রান্স। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায়ও সহযোগিতা বাড়াতে আগ্রহী তারা।

এই উত্তরণ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, ফ্রান্স সে জন্য পাশে থাকতে চায়, তিনি বলেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফ্রান্সকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং নির্বাচন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আপনার নিয়োগ এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু কার্যক্রম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্রান্স ও ফরাসি সংগঠনগুলোর সঙ্গে অতীতের দীর্ঘ সম্পর্ক এবং বহুবারের সফরের অভিজ্ঞতাও উল্লেখ করেন প্রফেসর ইউনূস।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল