banglahour

KOICA প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৪ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর প্রেসিডেন্ট চ্যাং উন-স্যাম আজ সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-কোরিয়া উন্নয়ন সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই KOICA প্রধান বলেন, আবার বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি কোরিয়ার প্রেসিডেন্টের উষ্ণ শুভেচ্ছা নিয়ে এসেছি। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি KOICA-এর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস KOICA প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও কোরিয়া দীর্ঘদিনের সহযোগী, এবং দুই দেশ আরও দ্রুতগতিতে একসঙ্গে এগোতে পারে। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আমরা একটি প্রোডাকশন হাব হতে চাই। আপনাদের পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করতে প্রস্তুত। আমাদের তরুণ জনগোষ্ঠী পরিশ্রমী ও সক্ষম।

বৈঠকে মানুষ-কেন্দ্রিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা কোরিয়ান ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি বিস্তারের ওপর জোর দেন। তিনি বলেন, নার্সিং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ—দেশের জন্য এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য। সারা বিশ্বেই দক্ষ নার্সের চাহিদা বাড়ছে।

KOICA প্রেসিডেন্ট দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুটফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল