
(৯ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৫:১০ অপরাহ্ন
পাহাড়ের কিছু আঞ্চলিক সশস্ত্র সংগঠন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারি উন্নয়নধারা ও পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষের আর্থ–সামাজিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র–ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি সদস্য মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন,
“পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। সেনাবাহিনী পাহাড়ের আইন–শৃঙ্খলা রক্ষা এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাবে।”