banglahour

লালনভক্ত বিএনপি আওয়ামী লীগের ১০২জন কর্মী সমর্থকের জামায়াতে ইসলামীতে যোগদান

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:১৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার বলদিয়া গ্রামে লালনভক্ত বিএনপি আওয়ামী লীগের ১০২ জন কর্মী সমর্থকরা আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জেলা জামায়াতের আমীর রুহুল আমিন যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন। তারা জামায়াতে ইসলামীর আদর্শে উজ্জীবীত হয়ে যোগদান করেন। 
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার আগে দর্শনা থানার বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমীর রফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্ব ও সেক্রেটারী মাহাবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেন, আমাদের রাজনীতি যেনতেনো নয়। আমাদের দর্শন শুধু ভোটাভোটি নয়। আসমান জমিন সবকিছু আল্লার, তাই এখানে আইন চলবে আল্লার। আমরা সকল জায়গায় আল্লার আইন ও বিধান কায়েম করতে চাই। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লার বিধান চালু হলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি মিলবে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে আমাদের পেশা পরিবর্তন হয়নি, আমরা যেমন ছিলাম তেমনই আছি। কিছু মানুষ আলাদিনের চেরাগ পেয়েছে। আমরা টাকা আয়ের জন্য রাজনীতি করিনা। আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই, সত্যর পথে থাকতে চাই। জামায়াতের কর্মী সবাই  চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত। সে কারনে আসুন আখিরাতের চিন্তা করে দুনিয়াতে শান্তি নিয়ে বসবাস করি।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমীর রেজাউল করিম মাস্টার, চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর হোসেন। 
এছাড়াও উপস্থিত ছিলেন, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি লিটন হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন টিম সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান প্রমূখ।
দর্শনার তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রাফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্তরা জামায়াতের আদর্শে উজ্জীবীত হয়ে যোগদান করেছেন। লালনভক্তরা লালনের কৃষ্টি কালচারের মধ্যে দিন দুনিয়া এবং ইসলামের কোন কিছু খুঁজে না পেয়ে ইসলাম ও আল্লাহকে বুকে ধারণ করে যোগদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল