
(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:২৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ বনৌজা কুশিয়ারা জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়রা বন্দরের সার্ভিস জেটিতে জাহাজটি দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়।
বিজয় দিবসের এই আয়োজনে জাহাজটি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে পায়রা বন্দরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এসময় দর্শনার্থীরা যুদ্ধজাহাজটির বিভিন্ন কলাকৌশল ও ব্যবহৃত আধুনিক যন্ত্রাংশ সরাসরি পরিদর্শনের সুযোগ পান। নৌবাহিনীর সদস্যরা জাহাজের কার্যক্রম সম্পর্কে আগতদের বিস্তারিত ধারণা দেন।
বনৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবসে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। নতুন প্রজন্ম নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে পারছে এবং দেশ গঠন ও দেশসেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ হবে বলে আমরা আশাবাদী।”
দর্শনার্থীরা জানান, সরাসরি যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে তারা আনন্দিত এবং গর্ব অনুভব করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নৌবাহিনী সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াবে।