banglahour

স্লোগানকে কেন্দ্র করে মুক্তাগাছার বিজয় দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ, প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে প্রশাসনের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অনুষ্ঠানের শুরুতে পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। এক পর্যায়ে বক্তব্য দেওয়ার সময় মুক্তিযোদ্ধা বসির উদ্দিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু  স্লোগান দেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন  বক্তব্য শেষে একই স্লোগান উচ্চারণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধা আল-আমিন হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন। পরে এনসিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মী ওই প্রতিবাদে যুক্ত হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সংবর্ধনা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আজ যারা বিতর্কিত আচরণ করেছেন, তাদের অনেককেই আগে এ ধরনের অনুষ্ঠানে দেখা যায়নি। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, দুয়েকজনের বক্তব্য ও আচরণকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণ চন্দ্র বলেন, বিতর্কিত বক্তব্যের কারণে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অপ্রীতিকর কিছু এড়াতে অনুষ্ঠান দ্রুত শেষ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল