banglahour

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন

বিশ্ব | মাইনুল ইসলাম , নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র ।

(৮ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন

উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের সর্ববৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ৪৬তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আগামী ২ থেকে ৫ জুলাই ২০২৬ নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর উদ্যোগে এবারের বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে নিউইয়র্কের অত্যাধুনিক জ্যাকব কে. জাভিটস কনভেনশন সেন্টার। আয়োজকদের আশা, এবারের সম্মেলনে ৪০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবেন।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ জুলাই এবং সমাপনী অনুষ্ঠান হবে ৫ জুলাই। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে ভারত থেকে আগত খ্যাতনামা কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীরা বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন। এছাড়া দুই দিনব্যাপী জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে।

সম্মেলনের অংশ হিসেবে ৩ জুলাই দুপুরে অনুষ্ঠিত হবে বিশেষ ফোবানা ফ্রি হেলথ ক্যাম্প এবং সেলিব্রিটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা শর্মা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কনভেনশন সেন্টারের ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় ৩০টি ছোট-বড় মঞ্চে একযোগে চলবে নানা আয়োজন। নৃত্য, সংগীত, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস, জুয়েলারি প্রতিষ্ঠান, পোশাক, খাবার ও অন্যান্য পণ্যের প্রদর্শনী। শিশুদের জন্য থাকবে আলাদা বিনোদনমূলক আয়োজন।

এবারের বঙ্গ সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো বইমেলার আয়োজন করা হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা প্রকাশনী সংস্থাগুলো অংশগ্রহণ করবে।

সংস্কৃতির পাশাপাশি সম্মেলনে থাকছে শিল্প-সাহিত্য, চিকিৎসা-বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ সেমিনার ও সিম্পোজিয়াম। এছাড়া চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকরা জানান, উত্তর আমেরিকার বাঙালিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও দৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্যেই ৪৬তম নিউইয়র্ক বঙ্গ সম্মেলনকে এবার আরও বৃহৎ ও বৈচিত্র্যময় আকারে আয়োজন করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল