
(৪ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:০১ অপরাহ্ন
দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, বাজেট ব্যয় ও আর্থিক খাতের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, ১২ মাসের গড় হিসেবে দেশের সার্বিক মূল্যস্ফীতি জুন ২০২৩-এর পর প্রথমবারের মতো নভেম্বর ২০২৫-এ ৯ শতাংশের নিচে নেমে এসেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মার্চ ২০২৩-এ মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশে পৌঁছালেও, তা জুন ২০২৫-এ ৯ শতাংশের নিচে নেমে আসে এবং নভেম্বর ২০২৫-এ আরও কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে। সরকারের সংকোচনমূলক মুদ্রানীতি ও কৃচ্ছসাধনের ফলে জুন ২০২৬-এর মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিগত কয়েক বছরে মূল্যস্ফীতি ও মজুরি প্রবৃদ্ধির ব্যবধান বেশি থাকায় মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছিল। তবে চলতি অর্থবছরের সাম্প্রতিক মাসগুলোতে এই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে। নভেম্বর ২০২৫-এ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ও মজুরি প্রবৃদ্ধি যথাক্রমে ৮.২৯ শতাংশ ও ৮.০৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২–২৩ অর্থবছরে ছিল গড়ে ৯.০২ শতাংশ ও ৭.০৪ শতাংশ। ফলে প্রকৃত আয়ের ক্ষয় থেকে ধীরে ধীরে উত্তরণের ইঙ্গিত মিলছে।
কৃষি খাতে যথাযথ প্রণোদনা ও ব্যবস্থাপনার ফলে গত অর্থবছরে বোরো মৌসুমে ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমন ধানের ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আমন ধানের উৎপাদন ১৬০.৯৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। অবশিষ্ট ফসল কর্তন সম্পন্ন হলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম হলেও আগের অর্থবছরের তুলনায় মোট উৎপাদন ৭.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বৈঠকে জানানো হয়, ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগস্ট ২০২৪-এ ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল হওয়া, প্রবাস আয়ের প্রবৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির ফলে রিজার্ভ আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
২০১৬–১৭ থেকে ২০২৩–২৪ অর্থবছর পর্যন্ত চলতি হিসাব ধারাবাহিকভাবে ঋণাত্মক থাকলেও, আর্থিক খাতে শৃঙ্খলা ও অর্থ পাচার রোধের ফলে ২০২৪–২৫ অর্থবছরের শেষে ঘাটতি নেমে এসেছে মাত্র ১৩৯ মিলিয়ন ডলারে। চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে এটি ছিল -৭৪৯ মিলিয়ন ডলার।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে ৫ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে ১৩.০৪ বিলিয়ন মার্কিন ডলার প্রবাস আয় এসেছে, যা আগের বছরের তুলনায় ১৭.১৪ শতাংশ বেশি।
অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে আমদানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে ২০২৪–২৫ অর্থবছরের জুলাই–নভেম্বরে আমদানি প্রবৃদ্ধি যেখানে ছিল -১.২ শতাংশ, চলতি ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৬.১ শতাংশেদাঁড়িয়েছে।
মুলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল -৩২.৮ শতাংশ, যা চলতি অর্থবছরে বেড়ে ২৭.৭ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পজাত কাঁচামাল আমদানির ঋণপত্রেও প্রবৃদ্ধি বেড়ে ৪০.৯৮ শতাংশে পৌঁছেছে।
বৈঠকে জানানো হয়, আর্থিক অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আসায় দেশের অর্থনৈতিক ইমেজ পুনরুদ্ধার হচ্ছে, যার প্রতিফলন ঋণপত্র খোলা ও ট্রেড ফিনান্সিং সহজ হওয়ার মাধ্যমে স্পষ্ট।