
(৭ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতরাতে ভালুকার হবিরবাড়ির কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ নিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ (বৃহস্পতিবার) সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ৬ জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ জন হলো সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দার মো. শামীম মিয়া (২৮), নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপুকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।