
(১০ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৮ অপরাহ্ন
ময়মনসিংহ মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার সময় বেনাপোল বন্দরে গ্রেপ্তার হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল পাঠান ময়মনসিংহ সদরের সানকিপাড়া এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। পরবর্তীতে মামলার তথ্য যাচাই করে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
এ নিয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।