
(৪ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৩ অপরাহ্ন
ভারতের উড়িষ্যা রাজ্যের একই পরিবারের ১৪ জনকে রাতের আধারে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। প্রচন্ড শীতে হিন্দি ভাষাভাষী এ মানুষগুলোর ঠাঁই হয় চুয়াডাঙ্গার দর্শনায় খোলা আকাশের নিচে। তারপর সদর হাসপাতালে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে সীমান্তের কাঁটাতার গলিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে পাঠিয়েছে বিএসএফ। অবৈধ প্রবেশকারীদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। পরে খবর পেয়ে শীত নিবারণের জন্য তাদেরকে শীতবস্ত্র দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় করণীয় বিষয় ভাবছে বিজিবি ও পুলিশ। কনকনে শীতের মধ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডের পাশে পাওয়া গেছে ৬ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশুকে। তাদের দাবী তারা ভারতের স্হায়ী বাসিন্দা। এরা সবাই হিন্দি ভাষাভাষী। বিএসএফ তাদেরকে ধরে নিয়ে আসে। ভারতের নাগরিক হিসেবে যে সমস্ত কাগজপত্র তাদের কাছে ছিল তা কেড়ে নেয়া হয়। চুয়াডাঙ্গার কোন সীমান্ত দিয়ে এদেরকে ঠেলে দেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, ভারতের উড়িষ্যা রাজ্যের জগসিং জেলার সাতকুড়া ধনিপুরে ৭০ বছর যাবৎ স্বপরিবারে বসবাস করে আসছিলেন হারুন অর রশিদের ছেলে আব্দুর জব্বার (৭৩)। তারা সবাই মুসলিম। ভারতের উড়িষ্যার নাগরিক। সেখানে তাদের বাড়িঘর আছে। জব্বার জানান, আড়াই বছর বয়স থেকে বাবা মায়ের হাত ধরে তারা উড়িষ্যায় বসবাস শুরু করে। সেখানেই তাদের বিয়ে ও সংসার শুরু হয়। বাংলাদেশের কোন জেলাতে তাদের বাড়ী ছিলো, তার কিছুই জানেন না তিনি। মাস খানেক আগে এক গভীর রাতে সেখানকার থানা পুলিশ জব্বারসহ তার পরিবারের ১৪ সদস্যকে ধরে নিয়ে যায়। আটগড় জেলখানায় ১ মাস ৫ দিন হাজত বাস শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারা সকলে মুক্তি পান। ওই দিনগত রাত ৩ টার দিকে বিএসএফ সদস্যরা ১৪ জনকে ভারতীয় সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশী অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়। সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার গেট খুল মধ্য রাতের পর তাদের ঠেলে ঢুকিয়ে দেয় বিএসএফ।
অনুপ্রবেশকারী দেয়া তথ্যনুযায়ী তাদের চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত গলিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ফজরের আজানের পর তারা অবস্থান নেয় দর্শনা বাসস্ট্যান্ডে। দিন গড়ালেও বিষয়টি জানাজানি হয়নি, তবে রাত হওয়ার সাথে সাথে ঘটনাটি জানাজানি হয়। এদিন রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, অনুপ্রপ্রবেশকারীদের মধ্যে রয়েছেন, শেখ আব্দুর জব্বারের ছেলে হাকিম শেখ (৪৮), শেখ উকিল (৪৫), শেখ বান্টি (৩০), শেখ রাজা (৩৮), শেখ জব্বারের স্ত্রী আলকুনি বিবি (৬৫), শেখ উকিলের স্ত্রী সাগেরা বিবি (৩৬) ও তার মেয়ে শাকিলা (৯), শেখ রাজার স্ত্রী মেহরুন বিবি (২৮) ও তার মেয়ে নাসরিন (১০), ছেলে রোহিত (২) তৈহিদ (১১), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৪) ও শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৮০)। তিনি আরও জানান, প্রথমে সংবাদ পেয়ে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভির রহমান অনিক ও যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম সোহান। অনুপ্রবেশকারী অনেকেই অসুস্থ। হাসপাতালে নিয়ে আগে চিকিৎসা করানো হবে। তারপর জেলা প্রশাসক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।