
(৮ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:০৫ অপরাহ্ন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জমি কিনে চরম বিপাকে পড়েছেন এক কলেজ শিক্ষক ও তাঁর পরিবার। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা জমিটি দখল করে ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া মৌজায় সাড়ে ১৬ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন সালমা সুলতানা ও তাঁর স্বামী কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম। পরিবারটির অভিযোগ, স্থানীয় হাবিবুল্লাহ বাহার ও তাঁর সহযোগীরা হঠাৎ করে জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা শুরু করেন। বাধা দিতে গেলে একাধিকবার হামলা ও ভাঙচুরের শিকার হন তাঁরা।
ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এছাড়া থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও তারা কোনো কার্যকর প্রতিকার পাননি।
পরিস্থিতির অবনতি হলে গত ১৮ ডিসেম্বর সালমা সুলতানা আদালতের শরণাপন্ন হন। আদালত জমিটির ওপর ১৪৪ ধারা জারি করে স্ব স্ব অবস্থানে থেকে সকল ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযুক্ত হাবিবুল্লাহ বাহার ও তাঁর সহযোগীদের আগামী ২৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো জমিতে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হচ্ছে এবং হামলার ঘটনাও ঘটেছে। এ সময় আহত হন সালমা সুলতানার স্বামী আশরাফুল ইসলাম।
এ বিষয়ে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকদের দিকে তেড়ে এসে কাজে বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রভাবশালীদের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সালাম বলেন, “আদালতের নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। নির্দেশনা অমান্যের অভিযোগ থাকলে ভুক্তভোগী পরিবারকে পুনরায় আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে।”