banglahour

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(৪ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৯ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ট্রেসি অ্যান জ্যাকবসন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, দ্বিপক্ষীয় বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং সামগ্রিক বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক বছর মেয়াদের দায়িত্ব শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সরকার একটি স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন,আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শ্রম আইন সংস্কারকে তিনি “সত্যিকার অর্থেই ব্যতিক্রমধর্মী ও অসাধারণ” উল্লেখ করে বলেন, এসব সংস্কার বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, আগের সরকারের সময় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।

জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি চমৎকার আইন হিসেবে অভিহিত করেন এবং বলেন, শীর্ষস্থানীয় শ্রমিক নেতারাও এই সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন অনুমোদনকে স্বাগত জানিয়েছেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা তহবিল নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

তিনি বলেন,
দক্ষিণ-পূর্ব বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র এককভাবে সবচেয়ে বড় দাতা।
ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টা ট্রেসি অ্যান জ্যাকবসনের এক বছরের দায়িত্বকালে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও বাংলাদেশে একজন বন্ধু হিসেবে অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল