banglahour

২০২৫ সালের অর্জন প্রকাশ, ১১২টি অস্ত্রসহ ৪৯ জন দস্যু আটক করেছে কোস্ট গার্ড

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যুবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ১১২টি অস্ত্রসহ ৪৯ জন দস্যুকে আটক করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

তিনি জানান, এ সময়ের মধ্যে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ৪৪৮ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ডাকাতদের জিম্মিদশা থেকে ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। আটককৃত দস্যুদের পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন মেসবাউল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বন ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, জলদস্যু ও বনদস্যু নির্মূল এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১ হাজার ২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত অভিযানে ৫১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, হরিণের বিভিন্ন অঙ্গ, ৬০০টি হরিণ শিকারের ফাঁদ এবং ১ হাজার ৪০০ পিসের বেশি গেওয়া ও গড়ান কাঠ জব্দ করা হয়। পাশাপাশি দুটি তক্ষক, ৬২টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং ৩ হাজার ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ২৯ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযানে প্রায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা মূল্যের ১২ কোটির বেশি মিটার অবৈধ জাল, ১২০ কোটি টাকা মূল্যের রেণুপোনা এবং ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে চলতি বছরে উপকূলীয় অঞ্চলে দুই হাজারের বেশি দুস্থ, অসহায় ও শিশুকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, জেলে, মাঝি ও সাধারণ জনগণের অংশগ্রহণে পরিবেশ ও বন সংরক্ষণ, দুর্যোগকালীন উদ্ধার, অগ্নি নির্বাপণ এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে কোস্ট গার্ড পশ্চিম জোন ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং উপকূলীয় এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালীন সময়ে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সুন্দরবনে আগত পর্যটকদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত ও অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জোনাল কমান্ডার।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল