
(৩ বছর আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বার্ষিক আরো এক মিলিয়ন টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন। জ্বালানির চাহিদা মেটাতে কাতার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল সানি।
রবিবার (৫ মার্চ) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, আমরা কাতারের সাহায্য চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি চুক্তি নবায়ন করতে চাই। আমি আরও এলএনজি চাই। জবাবে কাতারের আমির জানতে চান বাংলাদেশ কতটা জ্বালানী চায়। তাকে বলা হয়, বাংলাদেশ ১৬-১৭ কনটেইনার জ্বালানী চায়।
আমির বলেন, আমি আজ আমাদের জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, আপনার কাতার ত্যাগ করার আগে আমার জ্বালানি মন্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমির আরো বলেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করবে।