
(৬ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ৫:৫০ অপরাহ্ন
সময় এক নিরন্তর বহমান স্রোত, যা মানুষ, সমাজ ও সভ্যতাকে টেনে নেয় অনাগত ভবিষ্যতের দিকে। এই দীর্ঘ যাত্রাপথে বহু কিছু হারিয়ে যায়, কিন্তু টিকে থাকে মানুষের সৃজনশীল মনন। যান্ত্রিকতার হিমেল আবরণে যখন অনুভূতির তাপমাত্রা নেমে আসে, তখন সাহিত্যের একটি শব্দ, একটি পঙ্ক্তি কিংবা একটি সুরই পারে মানুষের হৃদয়ে নতুন করে প্রাণের সঞ্চার করতে। এমনই উপলব্ধির ভেতর দিয়ে এগিয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায় আয়োজিত সাহিত্য আড্ডা হিমছোঁয়া পান্ডুলিপি।
শনিবার মুক্তাগাছা সাহিত্য সংসদের উদ্যোগে 'মহাকালের গল্পে উষ্ণতার পরশ' স্লোগানকে ধারণ করে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। মধ্য পৌষের কুয়াশামাখা দিনে মধুপুর শালবনের ভেতরে ছালোড়া নামের নির্জন ও নান্দনিক স্থানে দিনব্যাপী এই আয়োজন যেন প্রকৃতি ও সাহিত্যের এক অনন্য মেলবন্ধনে রূপ নেয়।
কবিতা পাঠ, গান, একক অভিনয় ও সাহিত্য আলোচনা-বিভিন্ন সৃজনশীল আয়োজনে মুখর হয়ে ওঠে আড্ডাস্থল। মুক্তাগাছা সাহিত্য সংসদের সভাপতি কবি সুরঞ্জিত বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের বাংলাদেশ এর চেয়ারম্যান আলামিন সুজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন।
সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সৌহার্য্য ওসমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক ছিলেন শূন্য দশকের অন্যতম কবি কাজী নাসির মামুন। তিনি বলেন, সাহিত্য কেবল সময়কে ধারণ করে না, সময়কে প্রশ্ন করে এবং মানুষকে আত্মজিজ্ঞাসার দিকে ঠেলে দেয়।
বিশেষ আলোচক হিসেবে অংশ নেন কবি মাহবুবুল আলম রতন, বাচিক শিল্পী ও নাট্যকার মিহির হারুন, কবি দীপংকর মারডুক, প্রাবন্ধিক এম ইদ্রিছ আলী, শিক্ষাবিদ হাবিবুর রহমান হিরাসহ আরও অনেকে। এছাড়াও আলোচনায় ও কবিতা পাঠে অংশ নেন কবি সফিক সিদ্দিকী, আল আমিন মন্ডল, রোকন শাহরিয়ার সোহাগ, ফোকলোরবিদ মাসুদ পারভেজ, কবি ও সম্পাদক সেলিম সাইফুল, শাহিদ লোটাস, হাসান মাসুদ, মুজিব রাহমান, আব্দুস সালাম, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, ফেরদৌস তাজ, রাশিদুল আলম শিমুল, মীর সবুর, তারিকুল ইসলাম ছোটনসহ বিভিন্ন প্রজন্মের কবি-সাহিত্যিকরা।
আয়োজকেরা জানান, শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে এমন সাহিত্য আড্ডার মাধ্যমে সৃজনশীল চর্চাকে আরও গভীর ও মানবিক করে তোলাই তাদের উদ্দেশ্য। কুয়াশা, বন আর শব্দ এই তিনের সম্মিলনে 'হিমছোঁয়া পান্ডুলিপি' হয়ে উঠেছে সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক উষ্ণ সাহিত্যিক স্মারক।