banglahour

কোস্ট গার্ড–নৌবাহিনী–পুলিশ–র‌্যাবের যৌথ অভিযানে সুন্দরবনে জিম্মি পর্যটক উদ্ধার, ৩ দস্যুসহ ৬ জন আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:১৭ অপরাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের সমন্বয়ে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে বনদস্যুদের হাতে জিম্মি থাকা দুইজন পর্যটক ও এক রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন দস্যুসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

তিনি জানান, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুর খাল সংলগ্ন এলাকায় কাঠের বোটে ভ্রমণকালে পাঁচজন পর্যটক, একজন মাঝি ও রিসোর্ট মালিকসহ মোট সাতজনকে বনদস্যু মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল জিম্মি করে।

পরবর্তীতে দস্যুরা তিনজন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও দুইজন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

অভিযানকালে ৩ জানুয়ারি দস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) ও মেহেদী হাসান (১৯)–কে গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরদিন ৪ জানুয়ারি সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আরও এক সহযোগী আলম মাতব্বর (৩৮) আটক হয়।

এছাড়া একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা থেকে গোয়েন্দা নজরদারি ও আর্থিক লেনদেন (Financial Footprint) অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় দস্যু মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডু (৩০)–কে ৮১ হাজার ৪০০ টাকা নগদসহ আটক করা হয়।

পরবর্তীতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মিকৃত দুই পর্যটক ও গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান আরও জানান, উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। বনদস্যু চক্রের প্রধান মাসুম মৃধাকে গ্রেপ্তারে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটকসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল