
(১০ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:২১ অপরাহ্ন
ভৈরবে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় মাদক কারবারিরা এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়ে ১০ থেকে ১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (গতকাল) রাতের এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযানে মাদক কারবারি মাসুমের বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় প্রধান অভিযুক্ত মাসুম পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভৈরব পৌর এলাকার মধ্যপাড়া আইলার বাড়ির বাসিন্দা মাদক ব্যবসায়ী মাসুম গাঁজা নিয়ে এলাকায় আসে। এ সময় এলাকাবাসীর পক্ষে এলাহি জুম্মানসহ কয়েকজন যুবক বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুম বিভিন্ন এলাকায় ফোন করে অন্যান্য মাদক কারবারিদের ডেকে এনে জুম্মান ও প্রতিবাদকারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় জুম্মানসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে জুম্মান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। হামলার সময় মাদক কারবারিরা এলাকায় থাকা ১০ থেকে ১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মাদক কারবারি মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, দেশীয় রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হকিস্টিক উদ্ধার করে জব্দ করেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে মাসুম পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুমসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।