
(৬ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:২৫ অপরাহ্ন
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, “এই দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে। তাঁর ত্যাগ, ধৈর্য ও সাহস আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।”
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশ্বনাথে আয়োজিত তিনটি পৃথক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষকে আহ্বান জানাই—আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।”
রোববার দুপুরে বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর এলাকায় মহিলা দলের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা বেগম। বিকেলে একই ইউনিয়নের রজকপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা বশারত আলী। সন্ধ্যায় পৌরসভার শাহজিরগাঁও এলাকায় বিএনপি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী চুনু মিয়া।
পৃথক সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ, আব্দুল ওয়াহিদ ও সামছুল ইসলাম, যুবনেতা শামসুল ইসলাম ও শাহ আমির উদ্দিন, ছাত্রদল নেতা হোসেন আহমদ প্রবেল ও ফাহিম আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোকসভাগুলোর সঞ্চালনা করেন রাসেল আহমদ ও এনাম আহমদ।