banglahour

মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালি বোঝাই চলন্ত ট্রাকের সঙ্গে দ্রুতগতির মাছবাহী স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত ও চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৪০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত আলমসাধুর চালক জহুরুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে দ্রুতগতিতে চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। পরে আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল