banglahour

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ভবিষ্যতে আর কর্তৃত্ববাদী শাসনের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমেই দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করার সংস্কৃতির অবসান ঘটানো সম্ভব।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছল-চাতুরি ও কৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে আমরা তারই প্রতিফলন দেখেছি। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে।”

তিনি আরও বলেন, গণভোট কার্যকর হলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এটি আরও শক্তিশালী করা গেলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ সময় তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ এবং ধর্মসচিব মো. কামাল উদ্দিন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না।” তিনি বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে, তা গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।

গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এই কর্মশালায় সারাদেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল