
(৪ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে এক পক্ষ ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি খাস জমি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।