banglahour

অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে মুক্তাগাছায় বাড়ি ঘেরাও ও ভাঙচুর

অপরাধ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি বাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তেরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেরিপাড়া গ্রামের ইলিশা নামের এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে নারী-পুরুষের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতেও কয়েকজন যুবক ও যুবতীকে ওই বাড়িতে আনা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মঙ্গলবার সকাল থেকেই স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখেন।

বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনার উপস্থিতিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তবে থানায় নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই পুলিশের সামনে থেকে একজন অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করে অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

স্থানীয় ইউপি সদস্য নেকাব্বর আলী বলেন, “দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধ নারী-পুরুষের কার্যকলাপ চলছিল। এলাকাবাসী বারবার প্রতিবাদ জানিয়েছে। দিনভর আটকে রাখার পরও একজন অভিযুক্ত পালিয়ে যাওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত পালিয়ে যাওয়ার বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “পালিয়ে যাওয়া ব্যক্তি মামলার এজাহারভুক্ত কোনো আসামি নন। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল